আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি যুবক ইমরানকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার শিবগঞ্জের জমিনপুর সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকে বিএসএফ জানায়, অবৈধ ‘অনুপ্রবেশের’ দায়ে ইমরানকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাতে কিরনগঞ্জ সীমান্তের ১৭৯ নম্বর পিলারের পাশ দিয়ে শাহীন ও ইমরান ভারতে প্রবেশের সময় মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের চুড়ি অনন্তপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় শাহীন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হলেও, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইমরানকে (২৬) আটক করে বিএসএফ ।
ইমরান শিবগঞ্জের জমিনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং শাহীন (২৫) একই এলাকার তমাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল আলম জানান, বৈঠকে সীমান্তে গুলির ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ইমরানকে ফেরত চাইতে বিএসএফ তাকে পুলিশে হস্তান্তর করে বলে জানিয়েছে।
পতাকা বৈঠকে বিজিবির কিরনগঞ্জ ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাশেদ ও বিএসএফ এর পক্ষে চুড়ি অনন্তপুর ক্যাম্পের অধিনায়ক অমিত কুমার সিং নেতৃত্ব দেন।
