হিমাদ্রী হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তার মা গোপা মজুমদার।
কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তার মা গোপা মজুমদার।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। শিকড় নামের একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার, মামলার বাদি ও তার মামা শ্রী প্রকাশ দাশ অসিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
গোপা মজুমদার অভিযোগ করেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিদের ধরা হচ্ছে না।
হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
মামলার এক আসামি জামিনে বেরিয়ে আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন মামলার বাদি শ্রীপ্রকাশ দাশ অসিত।
তিনি বলেন, এ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার হলেও একজন জামিনে মুক্তি পেয়েছে।
মামলার প্রধান আসামি শাহ সেলিম টিপু প্রভাবশালী হওয়ায় তার পক্ষ থেকে বিভিন্ন ভাবে হিমাদ্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২৭ এপ্রিল সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে নগরের পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর শ্রী প্রকাশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় এই মামলা দায়ের করেন।
গত ৪ অক্টোবর এ ঘটনায় ব্যবসায়ী ও বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক সভাপতি শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসেন সাজু, শাওন ও মাহবুব আলী ওরফে ড্যানির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
উচ্চ আদালতে জামিনে থাকার পর ১০ অক্টোবর টিপু ও তার ছেলে রিয়াদ চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
প্রথমে গ্রেপ্তার শাহাদত হোসেন সাজু জামিনে থাকলেও টিপু ও তার ছেলে রিয়াদ বর্তমানে কারাগারে আছেন।
