২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নিরবে দাঁড়িয়ে একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2012, 03:02 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১ বছর পূর্তিতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রীর গাড়ি বহর স্মৃতিসৌধে পৌঁছায় রোববার ভোর সোয়া ৬টার দিকে। ততোক্ষণে কুয়াশা ঘেরা  স্মৃতিসৌধের সামনে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

৬টা ২৫ এ স্মৃতিসৌধের বেদিমূলে ফুল দেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।

জাতির যে বীর সন্তানদের আত্মত্যাগে পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের উৎপত্তি হয়েছে, কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে একাত্তরের সেই শহীদদের স্মরণ করেন শেখ হাসিনা।   

মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, মুক্তিযোদ্ধা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবার স্মৃতিসৌধে যাননি।

প্রধানমন্ত্রীর পর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার আব্দুল হামিদ।

এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবারো শ্রদ্ধা নিবেদন করেন।

বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে।

বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে থাকে একে একে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।

১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনা বাহিনী গণহত্যা চালানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর রমনার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও যুদ্ধে সক্রিয় সহায়তাকারী ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী।

আর এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ।