ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনে ১০ ডিসেম্বর তারিখ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মোতাহার হোসেন এ তারিখ ধার্য করেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন এ মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী প্রধান তদন্ত কর্মকর্তা ওবায়দুল হককে।
জেরায় ওবায়দুল জানান, জব্দ তালিকায় থাকা গাড়িটি হালকা সাদা রঙের উল্লেখ করা হলেও বাস্তবে সেটি হালকা জলপাই রঙের। মধ্যরাতে তালিকা করায় এ বিভ্রাট হয়েছে।
ওবায়দুল ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের সহকারী কমিশনার।
তদন্ত কর্মকর্তার বক্তব্যের জবাবে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুল্লাহ আদালতকে বলেন, জব্দ তালিকার সাক্ষীও গাড়ির রঙ সাদা বলে উল্লেখ করেছেন। আসামিদের উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়।
জেরা শুরুর আগেই আসামি সাইফুল ইসলাম, আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
অভিযুক্ত আসামিদের মধ্যে সেলিম চৌধুরী নামে আরো একজন থাকলেও তিনি পলাতক রয়েছেন।
২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ৩১ অক্টোবর ওই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত ৫ মার্চ মধ্যরাতে গুলশানে ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সৌদি দূতাবাস কর্মকর্তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১২৬ ঘ.
bdnews24