ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি শীর্ষ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই যুবকের নাম ইমদাদুল হক সোহেল (২৫)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল নিজেকে কখনো স্বরাষ্ট্র সচিব, কখনো জেলা প্রশাসক পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফোন করে মোটা অঙ্কের চাঁদ দাবি করতো। কারো কারো কাছ থেকে চাঁদা আদায়ও করেছে।
এর মধ্যে নিটল টাটা মটরস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে চিকিৎসার নামে ১৫ হাজার টাকা, গরিব অ্যান্ড গরিব গার্মেন্টসের মালিক নাজমুল হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা, র্যাংকস অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে মাদ্রাসা/এতিমখানা নির্মাণের নামে ২০ হাজার টাকা, র্যাংকস মোটরস এর কাছ থেকে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে।
এ ছাড়া প্রাণ গ্রুপ প্রধান এবং বিকেএমইএ এর সভাপতির কাছেও ফোন করে বৃদ্ধাশ্রম ও মাদ্রাসা নির্মাণের কথা বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে।
আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব টাকা আদায় করা হতো বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২০০৬ ঘ.
bdnews24