ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন প্রক্রিয়া দ্রুততর করতে অন্যান্য সহযোগী দাতা সংস্থাকে রাজি করাতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা কামনা করেছেন।
জাইকার সফররত ভাইস প্রেসিডেন্ট তোশিয়ুকি কিরোয়ানাগি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে তিনি বলেন, “রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলীয় ২১ জেলার সরাসরি সংযোগ স্থাপনকারী এই বৃহৎ প্রকল্পে অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অন্য সহ-অর্থায়করীদের সম্মত করাতে অপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।”
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন।
২০১০ সালে তার জাপান সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ওই সময় তিনি পদ্মা বহুমুখী সেতুর জন্য জাইকার কাছ থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি পান।
“এই প্রকল্পে সহায়তার জন্য আমি জাইকাকে ধন্যবাদ জানাই।”
প্রধানমন্ত্রী বলেন, জাপান সবসময়ই বাংলাদেশকে সাহায্য করে আসছে।
তিনি বলেন, “১৯৭১ সালে আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা জাপানের কাছ থেকে মঞ্জুরি সহায়তা, ঋণ ও কারিগরি সহায়তা হিসেবে ৯০০ কোটি ডলার সহায়তা পেয়েছি।”
তিনি যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, স্বাস্থ্য পরিচর্যা, মানব সম্পদ, নগর ও পল্লী উন্নয়নের মতো বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখায় জাইকাকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা এ বছরের ডিসেম্বরের মধ্যে ৩৩ তম বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) স্বাক্ষরের ব্যাপারেও জাইকার সহায়তা চান, যাতে মেট্রো রেল সিস্টেম, ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক প্রকল্প সংশ্লিষ্ট তিনটি চুক্তি রয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “চারটি চুক্তি সম্বলিত ৩৪ তম ওডিএ ঋণ প্রকল্প স্বাক্ষরের ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। চুক্তি চারটি হলো- কাঁচপুর,মেঘনা ও গোমতি সেতু নির্মাণ ও সংস্কার, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, বাংলাদেশের উত্তরাঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রকল্প ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন প্রকল্প।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সরকারের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তার সরকার ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি (এনআইএস) অনুমোদন করেছে।
তিনি গত নভেম্বরে নগর ও পল্লী অঞ্চলে ভূগর্ভস্থ পানি অনুসন্ধান ও উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩ এর খসড়া চুক্তির জন্যও জাইকাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদউজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত চিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮১২ ঘ.
bdnews24