ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে এসে এ দাবিসহ ৫ দফা সুপারিশমালা তুলে ধরেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
পাশাপাশি জনসংখ্যার আনুপাতিক হারে সংসদীয় সীমানা বিন্যাস হওয়া যথাযথ বলেও মত দেন তিনি।
বিএনপিসহ ওই জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এ সংলাপে অংশ নেয় নি।
সংসদ নির্বাচনের আগে সর্বশেষ আদমশুমারি প্রতিবেদন অনুসরণে সীমানা পুনঃনির্ধারণে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি বড় পরিসরে সীমানা পুনঃনির্ধারণ করলে তাতে সমর্থন দেয়নি বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন ‘তামাশায়’ পরিণত হবে বলে মনে করেন শফিউল আলম প্রধান।
তিনি একটি ‘গ্রহণযোগ্য’ নির্বাচনের জন্য ১৮ দলীয় জোটসহ অন্যান্য দলের অংশগ্রহণ নিশ্চিতেরও পরামর্শ দেন।
জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সেনা মোতায়েন ও রাজনৈতিক দলের নিবন্ধন শিথিল করারও সুপারিশ করে জাগপা।
সকালে বাংলাদেশ তরিকত ফেডারেশন সংলাপে অংশ নেয়। এরপর মাওলানা ভাসানীর বাংলাদেশ ন্যাশনাল আওযামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, অধ্যাপক মোজাফ্ফর আহমদের ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ প্রতিনিধিরা সংলাপে বসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24