চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত আছে কি না তা খতিয়ে দেখতে নগরীর বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা তৈরি পোশাক কারখানাগুলো সরেজমিন পরিদর্শন শুরু করেছে ফায়ার সার্ভিস।
সোমবার প্রথম দিনে নগরীর কালুরঘাট শিল্প এলাকা, সিইপিজেড, দেওয়ানহাট, আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত ২৮টি কারখানা পরিদর্শন করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।
নগরীতে তৈরি পোশাক ও এই শিল্প সংশ্লিষ্ট ৯১৬ টি কারখানা রয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বিভিন্ন কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বহির্গমন সিঁড়ি, প্রশস্ত করিডোরসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে বহু মানুষের প্রাণহানির ঘটনার পর এ পর্যবেক্ষণ অভিযান জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিস নগরীর বিভিন্ন এলাকাকে সাতটি জোনে ভাগ করে এ পরিদর্শন কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্র্ভিসের অপর উপ-সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, প্রথম দিনে সিইপিজেড, আগ্রাবাদ, কালুরঘাটসহ বিভিন্ন স্থানে ২৮ টি কারখানায় পরিদর্শন দল গেছে।
তিনি জানান, ডিসেম্বর মাসজুড়ে পর্যায়ক্রমে সব পোশাক কারখানায় যাবে এই পরিদর্শক দল। পরবর্তীতে একটি প্রতিবেদন তৈরি করা হবে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন আরো জানান, প্রথম দিনের পরিদর্শনে তারা অনেক কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাননি। এসব কারখানাকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এরপরও তারা ব্যবস্থা না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২২ ঘ.
bdnews24