২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা ব্যাংকের অনিয়ম তদন্তে কমিটি করার নির্দেশ

জনতা ব্যাংকে ঋণ দেয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন গভর্নরের নেতৃত্বে কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনতা ব্যাংকে ঋণ দেয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন গভর্নরের নেতৃত্বে কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার রোববার এই আদেশ দেয়। আদেশে সাত দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করতে অর্থ সচিবকে নির্দেশ দেয়া হয়, যে কমিটির প্রধান হবেন বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নর। তিন সদস্যের এই কমিটিতে অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকিং বিভাগের দুইজন উচ্চ পদস্থ কর্মকর্তাকেও রাখতে বলেছে আদালত। এই কমিটি জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দেবে। একইসঙ্গে ঋণ নিয়ে দুর্নীতি বন্ধে একটি নীতিমালা তৈরি করে প্রতিবেদন আকারে জমা দেবে। এছাড়া জনতা ব্যাংক গত দশ বছরে কতো টাকার ঋণ মওকুফ করেছে- তার একটি তালিকা চাওয়া হয়েছে ব্যাংকিং বিভাগের সচিবের কাছে। এ জন্য তাকে সময় দেয়া হয়েছে তিন মাস। জনতা ব্যাংকের অনিয়মের অভিযোগের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে- তাও প্রতিবেদন আকারে জমা দিতে গভর্নরকে নির্দেশ দিয়েছে আদালত। গত ২২ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দুর্নীতির আখড়া জনতা ব্যাংক/ঘুষ ছাড়া ঋণ মেলে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করেই হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এর সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিট আবেদনটি দায়ের করেন। এই রিটে বাদী করা হয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীকে। যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়, “ঘুষের বিনিময়ে অখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে, ঘুষ ছাড়া দেশের স্বনামখ্যাত ব্যবসায়ীরাও এ ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পাচ্ছেন না।” আদালতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “জনগণের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখা হয়। জনতা ব্যাংকের কতিপয় কর্মকর্তা নিয়ম ভঙ্গ করে ওই অর্থ বেআইনিভাবে নাম ঠিকানাবিহীন ব্যক্তিদের ঋণ দিচ্ছে। যার মাধ্যমে শত শত কোটি টাকা বেহাত হচ্ছে। এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে হলমার্কের মতো ঘটনা ঘটতে পারে।” শুনানি শেষে আদেশে পত্রিকায় প্রকাশিত দুর্নীতির ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে গৃহিত পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছে আদালত। এক মাসের মধ্যে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, একই ব্যাংকের শিল্প ঋণ বিভাগের জিএমকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি জনতা ব্যাংকের ‘দুর্নীতি ও অবৈধ ঋণ বন্ধে’ বিবাদীদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা ‘জনগণের টাকার অবৈধ ব্যবহার’ এবং ‘দুর্নীতিতে জড়িত জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে’ যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অর্থ সচিব, ব্যাংকিং বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, একই ব্যাংকের শিল্প ঋণ বিভাগের জিএম নাজিমুদ্দিন, একই বিভাগের এজিএম এমএ রশিদ এবং দুদক চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩০ ঘ.