গোপালগঞ্জ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদরে একটি বিল থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে খাগাইল গ্রামের গজারিয়া বিলে মনিরুল ইসলাম মৃধার (১২) লাশ পাওয়া যায়।
মনিরুল খাগাইল গ্রামের আবুল মৃধার ছেলে। সে খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। মনিরুল ওই স্কুলের সেকেন্ড বয় ছিল বলে স্বজনরা জানিয়েছেন।
মনিরুলের মা স্বপ্না বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার তার প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হয়। শুক্রবার বিকালে প্রতিবেশী ও সহপাঠী রোমানের সঙ্গে মনিরুল নৌকা নিয়ে মাছ ধরতে গজারিয়া বিলে যায়।
রোমান রাতে বাড়ি ফিরলেও মনিরুল ফেরেনি।
তিনি বলেন, “বিলে এখন হাঁটু পানি। ওই পানিতে ডুবে আমার ছেলে মরতে পারে না। মাছ ধরার সময় কেউ তাকে হত্যা করেছে বলে আমার ধারণা।”
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। রহস্যজনক এ মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫২ ঘ.
bdnews24