২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্ধার কাজে সেনাবাহিনী

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার আশুলিয়া, চট্টগ্রামে বহদ্দারহাট ও সিরাজগঞ্জে দুর্ঘটনাস্থলে সেনা মোতায়েন এবং উদ্ধার কাজ পরিচালনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 07:23 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার আশুলিয়া, চট্টগ্রামে বহদ্দারহাট ও সিরাজগঞ্জে দুর্ঘটনাস্থলে সেনা মোতায়েন এবং উদ্ধার কাজ পরিচালনা হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আশুলিয়ায় অগ্নি দুর্ঘটনাকবলিত এলাকায় ভোররাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাসদস্যরা সেখানে উদ্ধার কাজ পরিচালনা করে। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১০ জন নিহত হয়। আহত হয় বহু। নবম পদাতিক ডিভিশনের জিওসি উদ্ধার কাজ সরসরি তদারক করেন বলে আইএসপিআর জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ার পর সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। অন্যদিকে রোববার সকাল ৯টায় সিরাজগঞ্জের ধোপাকান্দি এলাকায় নির্মাণাধীন একটি পেট্টোল পাম্পের ছাদ ধসে পড়লে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন হতে কম্পোজিট ব্রিগেডের ৫৪ সেনাসদস্যের একটি উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নেয়। সেখানে একজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এঅঅরএইচ/এমআই/১৩২০ ঘ.