২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণকাণ্ডের ‘হোতা’ আমীর গ্রেপ্তার

গাজীপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আমীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 04:10 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

গাজীপুর/ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ‘মূল হোতা’ মুক্তার হোসেন আমীরকে গাজীপুরে ‘বন্দুকযুদ্ধের’ পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে গাজীপুর সদরের মুদাফা তিলারগাতি এলাকার একটি বাড়ি থেকে আমীরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশকে জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তি নিজেকে মুক্তার হোসেন দাবি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, তিনি পরাগ অপহরণের বিষয়ে কিছু জানেন না। র‌্যাব বলে আসছে, আমীরের (৩৫) পরিকল্পনায় মুক্তিপণের দাবিতে গত ১১ নভেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে অপহরণ করা হয়েছিল ব্যবসায়ীপুত্র পরাগকে এবং তিন দিন পর ৫০ লাখ টাকা পেয়ে তাকে ছেড়ে দেয়া হয়। তবে পুলিশের দাবি, মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছিল পরাগকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম শনিবারও বলেন, গ্রেপ্তার আসামিরা মুক্তিপণ নিয়েছিল এমন কোনো প্রমাণ তারা পাননি। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমীরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে আটক করা হয়েছে তার স্ত্রী বিউটিকেও। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আমীরকে। তিনি কয়েকদিন আগেই ওই বাড়ি ভাড়া নেন বলে গ্রেপ্তার অন্যদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল। “রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। ঘরের দরজা খুলতে বললে আমীর হঠাৎ দরজা খুলেই পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। দরজার সামনে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে লাফ দিয়ে সরে যায়। তখন পুলিশও আমিরকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।” এরপর গুলিবিদ্ধ অবস্থায় আমীরকে গ্রেপ্তারের পর ওই বাড়িতে তার স্ত্রী বিউটি আক্তার রুবিনা (২৮), ছেলে আবির হোসেন (২) ও গৃহকর্মী রুমা আক্তারকে (১০) পাওয়া যায়। বাড়ির মালিকের স্ত্রী রানু আক্তার সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৩টার দিকে গোলাগুলির শব্দে তার ঘুম ভাঙে। দরজা খুলে তিনি দেখতে পান পাশের ঘরে রক্তাক্ত অবস্থায় আমীর পড়ে আছেন, পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। গত ১৬ নভেম্বর আমীর বাড়ি ভাড়া নেয় জানিয়ে রানু বলেন, তিনি ওই ব্যক্তিকে আগে চিনতেন না। বুকে ও বাম চোখের নিচে গুলিবিদ্ধ আমীরকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবন্ধন খাতায় তার নাম মুক্তার হোসেন লেখা রয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কেরানীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আমীরকে গ্রেপ্তারের সময় তিন পুলিশ কর্মকর্তাও আহত হন বলে পরিদর্শক মনিরুল জানান। তারা হলেন পরিদর্শক মেসবাহউদ্দিন, এসআই আজিজুল হক মিয়া ও মুমিন হক। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বাড়ি থেকে দুটি পিস্তল এবং ৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান পরিদর্শক মনিরুল। তিনি বলেন, আমীরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। আমীরের মধ্য দিয়ে পরাগ অপহরণ মামলার আসামিদের সবাই গ্রেপ্তার হল বলে জানান মনিরুল, যিনি পরাগ অপহরণ মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। গ্রেপ্তার অন্যরা হলেন- শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল হক ওরফে মোল্লা জুয়েল, আমীরের মোটর সাইকেল চালক আল আমিন, আমীরের ভগ্নিপতি আবুল কাশেম, আমীরের আত্মীয় মামুন, অটোরিকশাচালক কালাচান, স্থানীয় তরুণ জাহিদুল হাসান, মো. আলী ওরফে রিফাত, মো. আলফাজ ও রিজভী আহমেদ অনিক। র‌্যাবের অভিযানে গ্রেপ্তার জাহিদ ও রিফাত সাংবাদিকদের জানান, সেদিন পরাগকে তুলে নেয়ার সময় আমীরের সঙ্গে আরেকটি মোটর সাইকেলে তারা দুজন থাকলেও মূল পরিকল্পনা ছিল আমীরের। আমীরের মোটর সাইকেল চালাচ্ছিল আল আমিন। পরাগের মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল এবং গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে শিশুটিকে আমীরই তুলে নিয়ে আসে বলে দাবি করেন জাহিদ ও রিফাত। আমীরের ভগ্নিপতি কাশেম র‌্যাব হেফাজতে সাংবাদিকদের জানান, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আমীর এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। কাশেম জানান, আমীরের বাবার নাম আব্বাস আলী। তবে তিনি মারা যাওয়ার পর মা হাসু বেগম সানাউল্লাহ নামে একজনকে বিয়ে করেন। সানাউল্লাহ ও হাসুর সন্তান জেনেভা বেগম হলেন কাশেমের স্ত্রী। পরাগের বাবা বিমল তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক। সত্তরোর্ধ মা সাবিত্রী মণ্ডল এবং বড় ভাই নীলকমলের স্ত্রী-সন্তানদের নিয়ে শুভাঢ্যা পশ্চিমপাড়ায় থাকেন তিনি। ডিবি কার্যালয়ে আল আমিন ও মামুন গ্রেপ্তার আল আমিন ও মামুনকে শনিবার রমনায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। আল আমিন সেখানে সাংবাদিকদের জানান, গত জুন মাস থেকে তিনি আমিরের মোটর সাইকেল চালান। ঘটনার বর্ণনায় তিনি বলেন, সকালে আমীর তাকে মোটর সাইকেল বের করতে বলেন। পশ্চিম শুভাঢ্যার পরাগ অপহরণের স্থানে এসে আরেকটি মোটর সাইকেল দেখতে পান তিনি। “আমীর আমাকে মোটর সাইকেল ঘুরিয়ে দাঁড়াতে বলে। তারপর পরাগের মা, বোন ও চালককে গুলি করে শিশুটিকে নিয়ে এসে মোটর সাইকেলে বসায়। এরপর পরাগের মাথায় পিস্তলের বাট দিয়ে একটি আঘাত করে হেলমেট পরিয়ে দেয়।” এরপর তারা আমীরের বাড়িতে যান জানিয়ে আল আমিন বলেন, সেখানে আমীরের স্ত্রী পরাগকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন আর গৃহপরিচালিকা রুমা পরাগকে খাবার খাওয়ানো ছাড়াও অন্যান্য কাজ করতেন। “অপহরণের পর আমীর আলীর (রিফাত) সঙ্গে ফোনে যোগাযোগ করতেন এবং পরাগের স্বজনদের কাছে টাকা চাইতে বলতেন,” বলেন আল আমিন। পরাগকে উদ্ধারের পরদিন আমীর তার স্ত্রী বিউটি, আড়াই বছরের ছেলে আরিব ও গৃহপরিচালিকা রুমিকে নিয়ে একটি অটোরিকশায় করে আটিবাজার থেকে চলে আসেন বলে তিনি জানান। আল আমিন বলেন, আঁটি বাজার ছাড়ার সময় আমীর মোটর সাইকেলটি তাকে দিয়ে দেন। মামুন বলেন, তিনি অপহরণের সঙ্গে জড়িত নন। তার দুই ভাইকে গোয়েন্দা পুলিশ আটক করায় তিনি স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেন। তবে পুলিশ বলছে, মামুনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার পর মামুন আমীরকে ১০টি সিম কিনে দিয়েছিল নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমআই/১৫৪১ ঘ.