সিরাজগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে নকল দুধ ও ছানা তৈরির অভিযোগে চারটি কারখানা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার তালগাছি ও বাঘাবাড়ী এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।
এ সময় নকল দুধের উপকরণ হিসেবে ব্যবহৃত ৩০ ড্রাম ছানার পচা পানি এবং রাসায়নিক ধ্বংস ফেলে দেয়া হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর রাম চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংগ্রহ করায় তালগাছী গ্রামের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দুধ সংগ্রহ কেন্দ্রের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা, বাঘাবাড়ী নৌ-বন্দরের ছানা তৈরির কারখানায় পচা পানি দিয়ে ছানা তৈরি এবং পানিতে মরা ইঁদুর পাওয়ায় ২০ হাজার জরিমানা করা হয়।
এছাড়া শেলাচাপরী গ্রামের শ্যামঘোষের কারাখানাকে ১০ হাজার টাকা ও আসাদুলের ছানা কারখানা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24