বান্দরবান, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান বোমাং সার্কেলের প্রথা ও ঐতিহ্য অনুসারে ষষ্ঠদশ রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন ক্য সাইন প্রু।
মঙ্গলবার সকালে বান্দরবান ক্ষৃদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ক্য সাইন প্রুর হাতে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজকীয় তরবারি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অনুষ্ঠানে ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, “ব্রিটিশরা যে তরবারি দিয়ে গেছেন, সেই তরবারির মান-মর্যাদা রক্ষা করবেন বর্তমান রাজা।”
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরে ক্য সাইন প্রুর অবদানও তুলে ধরেন সিরাজুল হক।
পার্বত্য শান্তি চুক্তির অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে সন্তু লারমা বলেন, চুক্তির ১৪ বছরেও মূল ধারাগুলো বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে ১৪টি ভিন্ন ভাষাভাষী জুম্মরা অসহায় অবস্থায় রয়েছেন।
অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্য, ১০৮টি মৌজার প্রধান (হেডম্যান), পাড়া প্রধানরা (কারবারি) নতুন রাজাকে প্রথাগত সম্মান ও বন্দনা জানান।
পঞ্চদশ রাজা অং শৈ প্রু চৌধুরীর মৃত্যুর পর ঐতিহ্য ও প্রথানুসারে রাজা হিসাবে মনোনয়ন পান রাজ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ক্য সাইন প্রু।
গত ১৮ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বান্দরবান বোমাং সার্কেল চিফ হিসেবে অং শৈ প্রুকে স্বীকৃতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24