চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পচিশ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে চট্টগ্রাম বন্দরের ১৮ শতক জমি উদ্ধার করা হয়েছে।
সোমবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে গোসাইল ডাঙ্গার বাংলাবাজার এলাকার এ জমি উদ্ধার করা হয়।
ম্যাজিস্ট্রেট অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, অবৈধভাবে দখল করে এ জমিতে বস্তিঘর, দোকান ও গ্যারেজ নির্মাণ করেছিল ২৫ জন ব্যক্তি। দীর্ঘদিন দখলে থাকার পর এ জমি উদ্ধার করে বন্দরের ভূমি শাখাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া একই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় অনুপ্রবেশের দায়ে গোসাইল ডাঙ্গার বাঁচ মিয়ার ছেলে আবদুর রহিমকে দুই মাসের কারাদ- দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24