২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাড়ীতে মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনার নগরবাড়ীতে দেশের তৃতীয় মেরিন একাডেমি প্রতিষ্ঠা হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

পাবনা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার নগরবাড়ীতে দেশের তৃতীয় মেরিন একাডেমি প্রতিষ্ঠা হতে যাচ্ছে। শুক্রবার সকালে নগরবাড়ী ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ১২০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ‘বাংলাদেশ মেরিন একাডেমি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ জন্য ইতোমধ্যে ওই এলাকায় ১০ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। নৌপরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার ও পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন। প্রতিবছর এই একাডেমি থেকে ২শ’ ক্যাডেট প্রশিক্ষণ নিয়ে সমুদ্র পরিবহনে যোগ দেবে। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, সারা বিশ্বে সমুদ্রগামী প্র্ায় ৭০ হাজার জাহাজে অফিসার ও ইঞ্জিনিয়ারের প্রয়োজন প্রায় সাড়ে ৬ লাখ। অথচ এ ক্ষেত্রে ঘাটতি রয়েছে প্রায় এক লাখ। এ ছাড়া প্রতি বছর গড়ে আড়াই হাজার করে জাহাজ বৃদ্ধি পাওয়ায় এ ঘাটতি প্রকট আকার ধারণ করছে। “বিদেশে এই কর্মসংস্থানের সুযোগ গ্রহণের জন্য সরকার বঙ্গবন্ধু মেরিন বিশ্ববিদ্যালয়সহ দেশে আরো নতুন চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠার কাজ শুরু করেছে।” অনুষ্ঠানে জানানো হয়, ‘বাংলাদেশ মেরিন একাডেমি’র অবকাঠামো নির্মাণের কাজ ২০১৪ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ওই বছরই এই একাডেমিতে নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং-এ চার বছর মেয়াদী স্নাতক কোর্সে ১০০ জন ক্যাডেট ভর্তির পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ক্যাডেটের সংখ্যা ২০০-এ উন্নীত করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৩৮ ঘ.