রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের দিন রাজধানীর হাটগুলোতে হঠাৎ করেই পড়ে গেছে কোরবানির পশুর দাম। এতে ক্রেতারা খুশি হলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ বিভিন্ন স্থান থেকে আসা আসা ব্যবসায়ী ও খামারিরা। বেজার ইজারাদাররাও।
শুক্রবার দুপুর থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, তালতলা ও বনানীসহ কয়েকটি বাজার সরেজমিন ঘুরে এবং বিক্রেতা, ইজারাদার, ক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
এ চারটি বাজারে বিক্রির জন্য প্রচুর গরু দেখা গেলেও সেই তুলনায় ক্রেতা নেই বললেই চলে। দাম কমে যাওয়ার জন্য খুচরা বিক্রেতা ও খামারিরা দায়ী করছেন, পাইকারি ব্যবসায়ী ও ভারতীয় গরু আমদানিকে।
গাবতলি বাজারে ইজারাদারদের প্রতিনিধি জামাল উদ্দিন শুক্রবার দুপুর ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার গরুর এসেছে অনেক বেশি এবং আরো আসছে। কিন্তু সে তুলনায় ক্রেতা কম।”
চুয়াডাঙ্গার শিহাবউদ্দিন নিজের খামারে পালন করা ৮টি বড় গরু নিয়ে এসেছেন বনানী বাজারে।
তিনি বললেন, “পরশু দিন আমার সবচেয়ে বড় গরুটার দাম উঠেছিল ৪ লাখ টাকা। কিন্তু আমি তখন বিক্রি করিনি। গত দুদিন ধরে এটার দাম সোয়া দুই লাখের বেশি হচ্ছে না। বাকিগুলোরও একই অবস্থা। আজ বিকেলেই সবগুলো নিয়ে বাড়ি চলে যাব।”
তার মতে, বুধবার থেকে বিভিন্ন বাজারে ভারতীয় গরুর আমদানি বেড়ে যাওয়ায় দাম পড়তে শুরু করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় খামারি ও গরু পালনকারীরা।
বিক্রেতা ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, বুধবার বিকেল পর্যন্ত দাম চড়া থাকলেও এরপর থেকে পড়তে শুরু করেছে। তাদের হিসাবে গত দুইদিনে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দাম পড়েছে।
তালতলা বাজারের ইজারাদারদের একজন অপু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদিন আগে এক লাখ টাকা দাম হওয়া গরু এখন ৬০ হাজার টাকার বেশি দাম হচ্ছে না। এতে বিক্রেতাদের যেমন লোকসান হচ্ছে তেমনি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। দাম কমায় আমাদের কমিশন কমে যাচ্ছে।”
গাবতলি বাজারে রাজবাড়ী থেকে আসা আমির হোসেন জানালেন, তিনি নিজের বাড়িতে পোষা তিনটি গরু নিয়ে এসেছিলেন। দাম না পাওয়ায় একটি বিক্রি করে দুটি বাড়ি ফিরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
“বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে যেসব ব্যবসায়ী গরু কিনে এনেছিলেন তারা প্রথমে দাম বাড়িয়ে বিক্রি করে দিয়েছে। আর আমরা যারা ঢাকার বাইরে থেকে একটু দেরিতে এসেছি বা এখানকার বাজার সম্পর্কে ভালো ধারণা নেই তারা এখন বিপদে পড়ে গেছি।”
তবে বাজারে দাম কমায় খুশি হয়েছেন ক্রেতারা। শুক্রবার দুপুরে তালতলা বাজার থেকে ১৯ হাজার টাকায় একটি গরু কিনলেন শেওড়াপাড়ার বাসিন্দা শওকত হোসেন।
কেমন হলো, জানতে চাওয়া হলে তার প্রতিক্রিয়া, “ভালোই হয়েছে ভাই। দুদিন আগেও এটা কিনতে গেলে আরো পাঁচ সাত হাজার টাকা বেশি লাগতো। দাম কমলে আমাদের মতো মধ্যবিত্তদের ভালোই হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৯৩৫ ঘ.
bdnews24