২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে বাস সঙ্কট, ট্রেন চলছে ঠিকঠাক

দূরপাল্লার বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছতে না পারায় গাবতলী বাস টার্মিনালে ভিড় বাড়ছে যাত্রীদের। আর কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে ঠিক সময়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

শহীদুল ইসলাম ও মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূরপাল্লার বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছতে না পারায় গাবতলী বাস টার্মিনালে ভিড় বাড়ছে যাত্রীদের। আর কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে ঠিক সময়েই। বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সকালের সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে গত দুদিনের তুলনায় ভিড় কিছুটা বেড়েছে। বেড়েছে আসন না পেয়ে দাঁড়িয়ে যাওয়া যাত্রীর সংখ্যাও। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনে বাড়তি চাপ নেই। কমলাপুর থেকে শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত সারা দেশের কোথাও আমরা শিডিউল বিপর্যয়ের খবর পাই নি।” জামালপুরের ব্যবসায়ী খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিট পাইনি ঠিক আছে। কিন্তু ট্রেনটা অপেক্ষাকৃত নিরাপদ মনে হয় আমার কাছে। আর বাসের রাস্তায় যে পরিমাণ যানজট, তাতে করে দাঁড়িয়ে কষ্ট করে গেলেও ঠিক সময়ে পৌছানোর নিশ্চয়তাটুকু অন্তত থাকছে।” এদিকে গাবতলী বাস কাউন্টারের কর্মীরা বলছেন, রাস্তায় যানজট থাকায় থাকায় ‘সিডিউল বিপর্যয়’ হচ্ছে। তবে ঈদের এক দিন আগেও একটু বেশি দামে হলেও মিলছে দেশের বিভিন্ন গন্তব্যের টিকেট। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টিকেট কেটে বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীরা অপেক্ষা করছেন। বাস কাউন্টারের লোকজন জানান, যমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজটের ফলে উত্তর ও দক্ষিণবঙ্গগামী অনেক বাস সময়মতো ঢাকায় আসতে পারছে না। এছাড়া রাস্তার পাশে গরুর হাট বসানোয় বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী রমিজ উদ্দিন বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে বরিশাল যাওয়ার টিকেট কেটেছেন পাঁচশ’ টাকা দিয়ে। ঈদ উপলক্ষে ভাড়া দেড়শ’ টাকা বেড়েছে বলে জানান তিনি। অন্যদিকে যশোরগামী ‘লোকাল’ বাসের টিকেট বিক্রি হচ্ছে তিনশ’ টাকায়। ঢাকা-সিরাজগঞ্জের টিকেট অন্য সময় তিনশ’ টাকা করে পাওয়া গেলেও এখন যাত্রীদের বাড়তি দিতে হচ্ছে একশ’ টাকা। ঝিনাইদহ যাওয়ার জন্য লোকাল বাসের টিকিট ৩৬০ টাকা দিয়ে কেটেছেন ঢাকার ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও ১২টার সময়ও এর দেখা নেই। “রাস্তায় জ্যাম থাকায় গাড়ি আসেনি। গাড়ি আসলেই তা ছেড়ে যাবে,” কাউন্টার মাস্টার আশ্বস্ত করলেন রফিকুলকে। সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা যাওয়ার টিকেট থাকলেও সাড়ে ১১টায়ও বাসের দেখা পাননি ফরিদ উদ্দিনের পরিবারের সদস্যরা। বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউন্টারের লোকজন বলেছেন জ্যামে বাস আটকে আছে তাই দেরি হচ্ছে।” যশোরের বেনাপোল যেতে লোকাল বাসের টিকেট বিক্রি হচ্ছে তিনশ’ টাকায়, ঈদের আগে যা ১৮০ টাকায় পাওয়া যেত। অন্য সময়ে খুলনার টিকেট সাড়ে তিনশ’ টাকায় মিললেও যাত্রীদের এই টিকেট কিনতে হচ্ছে সাড়ে পাঁচশ’ টাকা দিয়ে। খুলনাগামী রহিমা আক্তার জানান, সকাল ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও বেলা ১২টারও তাদের গাড়ি আসেনি। একটি পরিবহন কোম্পানির কাউন্টার মাস্টার সোহেল দাবি করেন, বাস কাউন্টারে আসার সঙ্গে সঙ্গেই তা ছেড়ে দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএমআর/এসইউ/১৪২৪ ঘ.