রংপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯ টায় মিঠাপুকুরের বৈরাগিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জের এরশাদ আলীকে (২৩) শুধু সনাক্ত করা গেছে। তিনি ঢাকায় একটি তৈরি পোষাক কারখানার শ্রমিক ছিলেন। চালকসহ অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪৮ আসনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। বৈরাগিগঞ্জে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের একটি খাদে পড়ে যায়।
পুলিশ ও দমকল বাহিনী বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল বন্ধ হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৯ ঘ.
bdnews24