২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল চাপায় মৃত্যু: ৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের কানাইঘাটে স্কুল ভবনের দেয়াল চাপা পড়ে তিন জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সিলেট, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাটে স্কুল ভবনের দেয়াল চাপা পড়ে তিন জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলীর চাচা তবারক আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফয়াজ উদ্দিন, কমিটির সদস্য ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাম উদ্দিনসহ আট জনকে আসামি করা হয়েছে। কানাইঘাট থানার ওসি আব্দুল হাই বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মামলার এজাহারে বলা হয়েছে, মামলায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. ফয়াজ উদ্দিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাম উদ্দিন অনুমতি ছাড়াই বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি ভাঙতে শ্রমিক নিয়োগ করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উজানবারা পাইত প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন, উজানবারা পাইত গ্রামের মজাম্মিল আলী ছেলে মোহাম্মদ আলী (২০), ফজল করিমের ছেলে আব্দুল হামিদ (২৫) এবং পাশের লোহাগুড়ি গ্রামের নূর মোহাম্মদ (৩৫)। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উজানবারা পাইত প্রাথমিক বিদ্যালয়ের ওই ভবনটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন অনুমতি ছাড়া ওই ভবনটি ভাঙতে শ্রমিক নিয়োগ করা হয়েছিলো। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান ইউএনও। এদিকে ঘটনার পর মঙ্গলবার রাতে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৮ ঘ.