২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ

ঈদের জামাত অনুষ্ঠানে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের জামাত অনুষ্ঠানে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। ডিএসসিসি’র সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুর রহমান পুরো কাজের তদারকি করছেন। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সামিয়ানা টানানোসহ প্রধান কাজগুলো শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা এবং চট ও কার্পেট দিয়ে জায়নামাজ বিছানোর কাজ চলছে। শুক্রবারের আগেই কাজ শেষ করা সম্ভব হবে।” প্রত্যেক বছরের মতো এবারো সিটি কর্পোরেশন জাতীয় ঈদগাহ ময়দানের সাজ-সজ্জার দায়িত্ব পালন করছে। ময়দানের জরুরি পানি নিষ্কাশন ও স্যুয়ারেজ ব্যবস্থা তদারকি করছে পূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)। খন্দকার মিল্লাত জানান, এ বছর জাতীয় ঈদগাহ ময়দানে এক লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১০ হাজার নারী মুসল্লির ব্যবস্থা থাকছে। মিল্লাতুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যে ডিএসসিসি এলাকার প্রতিটি ওয়ার্ডে চারটি করে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পলাশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও পৃথক দু’টি ঈদ জামাত হবে। এজন্য সিটি করপোরেশন থেকে গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর প্রতি জামাতের জন্য বরাদ্দ ছিল ১৫ হাজার টাকা। এদিকে ঈদের জামাতে রাষ্ট্রপতিসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিরাপদ করতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের সদস্যরা রয়েছেন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে। ঈদগাহ’র নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ দেখছে বলে জানান মিল্লাতুর রহমান। ঈদের নামাজের প্রস্তুতির পাশাপাশি কোরবানির পশুর হাট এবং কোরবানির দিনে জবাই করা পশুবর্জ্য অপসারণের প্রস্তুতিও শেষ করেছে ডিসিসি। ঈদের প্রধান জামাত ইসলামিক ফাউণ্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে ঈদুল আযহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৯ ঘ.