২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

মণ্ডপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ধর্ম ভিন্ন হলেও উৎসব সবার; সরকার দেশে এমন পরিবেশ সৃষ্টি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মণ্ডপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ধর্ম ভিন্ন হলেও উৎসব সবার; সরকার দেশে এমন পরিবেশ সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকালে প্রথমেই ঢাকেশ্বরী পূজা মণ্ডপে যান প্রধানমন্ত্রী। এরপর পরিদর্শন করেন রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ। ঢাকেশ্বরীতে মণ্ডপ পরিদর্শনের সময় শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনাদের অধিকার নিয়েই আপনারা আছেন। সব সময় তা মনে রাখবেন। বাংলাদেশের জনগণ উদার প্রকৃতির- তা মনে রেখেই চলতে হবে।” “ধর্ম যার যার, আর উৎসব সবার- এই পরিবেশ সৃষ্টিতে আমরা সমর্থ হয়েছি।” হিন্দু ধর্মাম্বলীদের দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশের প্রতিটি মানুষ, প্রতিটি মানুষকে মানুষ হিসাবে দেখে। সকল ধর্ম ও বর্ণের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে এদেশে বসবাস করবে- সে পরিবেশ আমরা সৃষ্টি করেছি।” তিনি দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা বলেন, “সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” ঢাকেশ্বরী মন্দিরে আরো বক্তব্য দেন, সেক্টর কমান্ডার সি আর দত্ত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার প্রমুখ। এরপর রামকৃষ্ণ মিশনে পূজা ম-প পরিদর্শনে যান শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ অমীয় আনন্দ মহারাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮১৪ ঘ.