২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাঈদী যুদ্ধাপরাধী হলে আমরাও যুদ্ধাপরাধী’

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এই জনসভায় প্রধান অতিথি হিসাবে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিএনপির মহানগর সভাপতি ও সাংসদ মজিবুর রহমান সারওয়ারের সভাপতিত্বে দুপুর ২টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়া সভামঞ্চে পৌঁছান বিকাল ৩ টা ২০ মিনিটে।

১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমানও অনুষ্ঠান মঞ্চে রয়েছেন।

জনসভা উপলক্ষে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করতে থাকেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করার সময় তাদের হাতে ছিল দলের আমীর মতিউর রহমান নিজামী এবং পিরোজপুরের সাবেক সাংসদ ও দলের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর পোস্টার।

‘নারায়ে তকবীর, আল্লাহু আকবর’, ‘মরলে শহীদ, বাঁচলে গাজী’, ‘আমরা সবাই মরতে রাজি’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করেন জামায়াত কর্মীরা।

সমাবেশের মাঠে সভামঞ্চের কাছে সাঈদীর ছবি সম্বলিত একাধিক ডিজিটাল ব্যানারও দেখা যায়।

একটি ব্যানারে লেখা দেখা যায়- ‘বিশ্ব নন্দিত মুহাদ্দিস সাঈদী যদি যুদ্ধাপরাধী হয়, তাহলে আমরাও যুদ্ধাপরাধী।’

নিজামী ও সাঈদীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ আট নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।

তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের মুক্তির দাবি সম্বলিত ডিজিটাল ব্যানারও দেখা যায় বঙ্গবন্ধু উদ্যানের কয়েকটি স্থানে।

একটি ব্যানারের লেখা দেখা যায়- ‘আমরা বরিশালবাসী মামুনের মুক্তি চাই’।

২০০৭ সালের জরুরি অবস্থা জারির পর মামুনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বঙ্গবন্ধু উদ্যানে এই জনসভার আয়োজন করেছে ১৮ দলীয় জোট।