ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকায় গত বুধবার আঘাত হানা ঝড়ের পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে ত্রুটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
উপকূলীয় জেলা নোয়াখালী ও ভোলার ওপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া ওই ঝড়ে অন্তত ২৩ জন নিহত হন। এ ছাড়া অনেকেই নিখোঁজ ছিলেন, যাদের অনেকের হদিস এখনো পাওয়া যায়নি।
তথ্যবিবরণীতে বলা হয়, নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় মৌসুমী নিম্নচাপের ফলে সৃষ্ট ঝড়ের সময় আবহাওয়ার পূর্বাভাস প্রদানের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা (স্পারসো) ও রাইমস্ এর একজন প্রতিনিধি রাখা হয়েছে। কমিটিকে দু’সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দিন যথাযথভাবে পূর্বাভাস দেয়া হয়েছে কি না, দেয়া হয়ে থাকলেও কোনো ত্রুটি ছিল কি না- তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।”
গাফিলতি থাকলে সে বিষয়টিও তারা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২১১৫ ঘ.
bdnews24