২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিআরটিসির বাসে আগুন

ইসলামী দলগুলোর ডাকা হরতালে চট্টগ্রামের আগ্রাবাদে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে হরতালকারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী দলগুলোর ডাকা হরতালে চট্টগ্রামের আগ্রাবাদে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে হরতালকারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাহাত্তার পুলসহ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে কয়েকটি যানবাহন ভাংচুর হলেও বন্দরনগরীতে ঢিলেঢালাভাবেই চলছে ওলামা মাশায়েখ পরিষদসহ ১২ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রোববার সকালে নগরীতে রিক্সা ছাড়া তেমন কোনো ভারি যানবাহন চলতে দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে সকাল থেকেই পিকেটাররা নগরীর বেশ কয়েকটি সড়কে বিচ্ছিন্নভাবে যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালায়। সকাল সাড়ে ৭টার দিকে রাহাত্তারপুলে কয়েকটি যানবাহনে ঢিল ছুঁড়ে কাচ ভাঙ্গার চেষ্টা হয় বলে জানান নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান। এছাড়া হরতালকারীরা নগরীর বড়দীঘির পাড়ে চট্টগ্রাম হাটহাজারী সড়ক অবরোধ করে। এরপর সকাল ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদাতলী মোড়ে বিআরটিসির একটি দোতলা বাসে ভাংচুর চালানোর পর পিকেটাররা তাতে আগুন দেয়। অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। হরতালের কারণে চট্টগ্রামের সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও কার্যক্রম চলেছে সীমিতভাবে। তবে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল কর্মসূচি দিলে শুক্রবার বিকাল ৫টা থেকে রাজধানীর পল্টন ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এর জেরে তাৎক্ষণিকভাবে রোববার সারাদেশে হরতালের ডাক দেয় দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৩০ ঘ.