ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা শরণার্থীর সমাধান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মিজান বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের মানবাধিকার কমিশনকে চিঠির মাধ্যমে বারবার আমন্ত্রণ জানালেও কোনো সাড়া মিলছে না। তদের সাড়া পেলে দ্বিপক্ষীয়ভাবে আলোচনার মাধ্যেমে এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব হতো।”
জাতীয় মানবাধিকার কমিশন ও বাংলাদেশস্থ জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
মিয়ানমারের মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমারে দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির সঙ্গে দেখা করতে গেলে তিনিও রোহিঙ্গা সমস্যার সমাধানে সংলাপের তাগিদ দিয়েছিলেন।
অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মো. জাকির হোসাইন ও সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় তথ্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সাদেকা হালিম, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনের বাংলাদেশের প্রতিনিধি ক্রিস সেন্ডারস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২০ ঘ.
bdnews24