২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায়োগিক গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রায়োগিক গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রায়োগিক গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার বিকালে ন্যানো প্রযুক্তি বিষয়ক এক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ আহ্বান জানান। তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমি আমাদের গবেষক, শিক্ষক, বিজ্ঞানী এবং ছাত্র-ছাত্রীদের মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার উদ্ভাবনমূলক কাজে সবসময়ই সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতে তা আরো জোরদার করা হবে। তিনি বলেন, “আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি নিতে হবে। যাতে আমরা কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করতে পারি।” ‘বাংলাদেশে ন্যানোটেকনোলজির সম্ভাবনা’ শীর্ষক এই আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তিন দিনব্যাপী এ কর্মশালার পরবর্তী দু’দিনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞানের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি নীতিমালা ২০১১’ প্রণয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান, এই নীতিমালা বাস্তবায়নের জন্য সরকার স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নীতিমালায় বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং বস্তুবিজ্ঞান গবেষণার ওপর গুরুত্ব আরোপের কথাও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর আগে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম ন্যাশনাল সেন্টার ফর ন্যানোটেকনোলজি স্থাপনের কথা বলেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আধুনিক প্রযুুক্তি- ন্যানোটেকনোলজির গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। ন্যাশনাল সেন্টার ফর ন্যানোটেকনোলজি স্থাপনে সরকারের পূর্ণ সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যদিও এটা অত্যন্ত ব্যয়বহুল। ব্যয়বহুল হলেও, শুরু করলে অসুবিধা নেই।” তিনি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এই কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণেরও অনুরোধ জানান। “ সবকিছু সরকারের ওপর ছাড়লে তো চলবে না। ন্যানোটেকনোলজি চালু হলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি উপকৃত হবে।” প্রধানমন্ত্রী এই কর্মশালার উদ্বোধন ঘোষণার আগে আয়োজক, বিজ্ঞানী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পাট গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীদের পাটসহ পাঁচশ উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের (ফাঙ্গাস) জীবনরহস্য উন্মোচনকে ‘যুগান্তকারী সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেন শেখ হাসিনা। ২০১০ সালে পাটের জীবনরহস্য উন্মোচনের কৃতিত্বের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অগ্রগতির কথাও তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, “অনেক বছর পর হলেও আজ আমরা পারমাণবিক শক্তি উৎপাদন যুগে প্রবেশ করতে যাচ্ছি। রাশিয়ার সহযোগিতায় প্রতিটি এক হাজার মেগাওয়াট ক্ষমতার দু’টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রাথমিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো জানান, আধুনিক বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা পরিচালনার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি স্থাপন করা হয়েছে। দেশের সব গবেষণা প্রতিষ্ঠানে সুযোগসুবিধা বৃদ্ধি করে সেগুলোর দক্ষতা উন্নয়ন এবং গবেষণার পরিধি বাড়ানো হয়েছে। ফলে বাংলাদেশ বর্তমানে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নতুন নতুন প্রযুক্তি ও কৌশল উদ্ভাবনের ওপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এই কর্মশালার আহ্বায়ক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া আইএসইএসসিও’র উপ-মহাপরিচালক মুখতার আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল-নাকিব চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮১৩ ঘ.