২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে রাবির বাসে আগুন

কারা বাসটি পুড়িয়ে দিয়েছে তা জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:35 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বাস মধ্যরাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক খলিলুর রহমান জানান, সোমবার রাত ১২টা ১০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের ছাউনিতে রাখা ওই বাসে আগুন দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হঠাৎ ছাউনির ভেতর থেকে আগুন দেখে নিরাপত্তা রক্ষীরা ছুটে যান। তারা একটি বাসে আগুন জ্বলতে দেখে আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিই।” পরে অগ্নি নির্বাপক বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততোক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে যায় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা এভাবে বাসে আগুন দিয়েছে তা জানা সম্ভব হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।” মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বাস পোড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ পেলে বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে রাতেই ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২৫ ঘ.