ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের নেতৃত্বে ডিএডি তৌহিদকে দেখেছেন বলে আদালতে দেয়া সাক্ষ্যে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
সোমবার সকালে তিনি পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে আইজিপি নিজের জবানবন্দি উপস্থাপন করেন। বিডিআর বিদ্রোহের সময় হাসান মাহমুদ খন্দকার ছিলেন র্যাবের মহাপরিচালক।
সকালে জহুরুল হকের এই আদালতের কার্যক্রম শুরুর পর ঢাকার মহানগর হাকিম মিনহাজুম মনিরার অসমাপ্ত জেরা শেষ করা হয়। এরপর আদালত কিছুক্ষণ বিরতি দেয়।
মহানগর হাকিম মিনহাজুম মনিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ২৫জন আসামির জবানবন্দি গ্রহণ করায় তাকে এ মামলার সাক্ষী করা হয়েছে।
বেলা ১১টা ২০ এ সাক্ষ্য দেয়া শুরু করেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। বক্তব্য উপস্থাপন শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম।
জবানবন্দিতে আইজিপি বলেন, ২০০৯ সালের ২৫ মার্চ পিলখানায় বিদ্রোহ শুরু হওয়ার পরদিন বিদ্রোহী জওয়ানরা ডিএডি তৌহিদকে বিডিআরের মহাপরিচালক (ডিজি) হিসাবে পরিচয় করিয়ে দেয়।
“তাকে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সক্রিয় দেখা যায়,” বলেন হাসান মাহমুদ খন্দকার।
এ মামলায় এর আগে গত ১০সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
হাসান মাহমুদ খন্দকার বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামসুজ্জামানের কাছ থেকে মোবাইল ফোনে পিলখানার দরবার হলে গণ্ডগোলের কথা জানতে পারেন তিনি।
বিষয়টি জানার পর সেটি ভালোভাবে খতিয়ে দেখার জন্য র্যাব কর্মকর্তাদের নির্দেশ তৎকালীন র্যাবের মহাপরিচালক।
এ বিষয়ে মোবাইল ফোনে তখনকার পুলিশের আইজিপি নূর মোহাম্মদের সঙ্গেও কথা হয় তার।
পরে পুলিশ সদর দপ্তরে আইজিপি ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পিলখানার দরবার হলের চলমান ঘটনা নিয়ে তিনি আলোচনা করেন। সেখান থেকেই র্যাবের দুই অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য অধিনায়কদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানান হাসান মাহমুদ।
তিনি বলেন, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা মধ্যে র্যাবের অন্যান্য ব্যাটালিয়ন এবং র্যাব সদর দপ্তরের প্রয়োজনীয় জনবল ও ফোর্স পিলখানার কাছাকাছি বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এ সময় ব্যাটালিয়নের অধিনায়করাও সেখানে ছিলেন।
র্যাবের প্রথমদল র্যাব-২ এর অধিনায়কের নেতৃতে ঘটনাস্থলে পৌঁছার পর থেমে থেমে ভেতর থেকে গুলি হয় বলে জানান তিনি।
হাসান মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর অগ্রগামী দল জিগাতলায় অবস্থান নেয়। তবে ১১টার পর থেকে বিদ্রোহী বিডিআর সদস্যরা ভারি অস্ত্র মোতায়েন করায় পিলখানার ভিতরে র্যাবের অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
তিনি জানান, বিদ্রোহের দিন সকাল সাড়ে ১০টার দিকে আইজিপি ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ তিনি শাহবাগ পুলিশ কন্ট্রোলরুমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে বসেন। সেখানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদের উপস্থিতিতে চলমান ঘটনা নিয়ে পর্যালোচনা হয়।
পুলিশের কন্ট্রোলরুম থেকেই ঘটনা পর্যবেক্ষণ এবং র্যাব কর্মকর্তাদের নির্দেশনা দেন বলে জানান হাসান মাহমুদ।
তিনি বলেন, বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে আইজিপি ও তিনি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান। তখন সেখানে ডিএডি তৌহিদের নেতৃত্বে বিডিআরের ১২/১৪জন বিদ্রোহী আলোচনা করছিল। আলোচনায় আত্মসমর্পণ করা নিয়ে একটি সমঝোতার পর পরে তৌহিদের নেতৃত্বে তারা যমুনা থেকে বের হয়ে যায়।
তখনকার র্যাব মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রীর সে সময়ের বাসভবন যমুনায় আপদকালীন অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর সার্বিক সমন্বয়ের মাধ্যমে ও পুরো পরিস্থিতি বিবেচনা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে তিনি ও আইজিপি পিলখানার দিকে চলে যান।
বিডিআর সদর দপ্তরের ৪ নম্বর ফটকের কাছে হোটেল আম্বালা ইনের সামনে অন্যান্য বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে জানান তিনি।
এসময় সেখানে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও জাতীয় সংসদের হুইপ মীর্জা আযমসহ অন্যান্য নেতাদের বিদ্রোহী বিডিআর সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আত্মসমর্পণের চেষ্টা চালাতে দেখেন বলে জানান হাসান মাহমুদ খন্দকার।
রাত ১২ টার দিকে এ বিষয়ে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনপ্রতিমন্ত্রী ও আইজিপি পিলখানার ভিতরে যান বলে জানান তিনি।
পরদিন ২৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনপ্রতিমন্ত্রী ও আইজিপি পিলখানার ভিতর থেকে অনেককে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। সে সময় অন্যদের সঙ্গে আইজিপির মেয়েকেও বাইরে আনা হয়।
ওই দিন বেলা ১২টার দিকে আইজিপি সেখান থেকে চলে জানিয়ে তিনি বলেন, আনুমানিক বেলা ১টার দিকে র্যাব ও পুলিশ সমন্বিতভাবে মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া চেষ্টা চালায়। এছাড়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অনেক বিদ্রোহী বিডিআর সদস্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে পিলখানার বিভিন্ন অফিসার্স কোয়ার্টার থেকে লুঠ হওয়া মালামাল উদ্ধার করা হয়।
সাক্ষ্য শেষে হাসান মাহমুদ খন্দকারকে জেরার সময় এক পর্যায়ে আইনজীবী আমিনুল ইসলাম অভিযোগ করেন, পাঁচ বার প্রশ্ন করার পরও সাক্ষী তার প্রশ্নের জবাব না দিয়ে বার বার এড়িয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিচারকের সহযোগিতা চান তিনি।
এ নিয়ে আদালত কক্ষে উত্তেজনা সৃষ্টি হলে কয়েক মিনিট জেরা বন্ধ থাকে। এরপর বেলা দেড়টায় জেরা শেষ করেন আমিনুল ইসলাম।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/জেকে/১১৩৫ ঘ.
bdnews24