ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকা থেকে ৪০ ভরি চোরাই স্বর্ণসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ নিয়ে পরে সোনার গয়না ও টাকা-পয়সা চুরি করে বিক্রি করতেন এক জুয়েলারির দোকানে।
এরা হলেন- শিউলি ওরফে লাকী (২৯), তারিফ আলী (২৭), শাহীন (৩০) ও সুজন কুণ্ডু (২৮)।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান শুক্রবার দুপুরে মিণ্টু রোডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দুই দিন আগে শিউলিকে রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার তালাকপ্রাপ্ত স্বামী তারিফকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে আনা হয়।
পুলিশ হেফাজতে দেয়া তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার শাহ আলী থানার মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের ‘হারুন জুয়েলার্সের’ ব্যবস্থাপক শাহীন ও কর্মচারী সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় শাহীন ও সুজনের কাছে শিউলির বিক্রি করা ৪০ ভরি সোনার গয়না উদ্ধার করা হয় বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত শিউলি সাংবাদিকদের কাছে তার ‘কর্মপদ্ধতির’ বিবরণ শোনান।
তিনি বলেন, একটি বাসায় কাজ নেয়ার পর তার প্রথম কাজ হয় সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং ভাল কাজ করে তাদের মন জয় করা। পরে কৌশলে বাসার ড্রয়ার বা আলমারির চাবি নিয়ে তারিফকে তা দেন ‘ডুপ্লিকেট’ (অনুলিপি) বানানোর জন্য।
সময় বুঝে সেই চাবি দিয়ে বা অন্য কোনো উপায়ে ড্রয়ার বা আলমারি খুলে সোনার গয়না ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যান শিউলি। গত পাঁচ বছরে মিরপুর, পল্লবী, কাফরুল, রূপনগর ও শাহ আলী এলাকায় অন্তত ১৭টি বাসায় এভাবে চুরি করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
শিউলি জানান, চুরি করা গয়না হারুন জুয়েলার্সে তিনি বিক্রি করতেন পনের হাজার ভরি দরে, যদিও বাজারে এর দাম ৬০ হাজার টাকার মতো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান সংবাদ সম্মেলনে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৪৩ ঘ.
bdnews24