সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৩ ৯বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ট্রলারডুবির ২৪ ঘন্টা পরও নিখোঁজ একই পরিবারের পাঁচ জনের সন্ধান মেলেনি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের যমুনা নদীর ধলাই এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
এতে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের করুনাজানি গ্রামের হুরমুজ আলী (৪৫), তার স্ত্রী মালেকা বেগম (৪০), দুই মেয়ে হনুফা বেগম (২০) ও মিম (৩) এবং নাতনী ছকিনা (৪) নিখোঁজ হয়।
ওই সময় হুরমুজ আলীর ছেলে সাইফুল ইসলাম শুধু তার এক শিশু সন্তানকে নিয়ে তীরে উঠতে সক্ষম হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চৌহালী থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24