ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ঋণের পরিমাণ ও গুণগত মান পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন একটি সফটওয়্যার চালু করছে।
মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর আতিউর রহমান এই সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকগুলো সহজেই তথ্য আপলোড করতে পারবে। এতে তথ্য প্রদানে সময়ানুবর্তিতার পাশাপাশি কাগজের অপচয়ও রোধ হবে।
গভর্নর বলেন, কৃষি খাত একটি বিস্তৃত খাত। ফলে এ খাতে ঋণ বিতরণের পরিমাণগত ও গুণগত মান নিবিড়ভাবে পর্যালোচনার ক্ষেত্রে আইটি খাতকে কাজে লাগানোর বিকল্প নেই। এরই অংশ হিসাবে কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগে কৃষি ঋণ বিতরণ সংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।
তিনি বলেন, “এই সফটওয়্যারটির মাধ্যমে ব্যাংকগুলো ওয়েব-এর মাধ্যমে সহজেই কৃষি ঋণ সংক্রান্ত যে কোনো তথ্য আপলোড করতে পারবে। এক নিমিষেই যে কোনো তথ্য পাওয়া যাবে। নির্ভুল তথ্য পাওয়া যাবে এবং কাগজের অপচয় হবে না।”
গভর্নর বলেন, কৃষি খাতে দুর্বল ও প্রথাগত তদারকি ব্যবস্থা কৃষি ও পল্লী ঋণ কার্যক্রমের বিস্তৃতি ও সাফল্যের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক।
“অথচ আমরা একটি কার্যকর ও টেকসই কৃষি ঋণ বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আর এ জন্যই কৃষি ঋণের পরিমাণ ও গুণগত মান পর্যালোচনার জন্য ফরওয়ার্ড লুকিং অফসাইট ও অনসাইট মনিটরিং ব্যবস্থা আমরা গড়ে তুলেছি।”
গভর্নর বলেন, দেশের ব্যাংকিং খাতকে আরো গতিশীল, গ্রাহকবান্ধব, মানবিক এবং পরিবেশবান্ধব করতে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। সাম্ú্রতিক সময়ে ব্যাংকিং খাতের নজরদারিতে বাংলাদেশ ব্যাংক কৌশলগত পরিবর্তন আনতে শুরু করেছে। ব্যাংক নজরদারির কার্যকারিতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
“এ সকল কাজে বাংলাদেশ ব্যাংক তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর বেশ জোর দিয়েছে। এর ফলে ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও সক্ষমতা দুইই বাড়বে। আর বাড়বে এ খাতের ওপর জনগণের আস্থা,” যোগ করেন আতিউর।
সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমআই/১৯২৭ ঘ.
bdnews24