২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য জেলায় ৩৬ ঘণ্টার হরতাল

স্থানীয় পুলিশ প্রশাসনকে পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় বুধবার সকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে সেখানকার চারটি বাঙালি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

রাঙামাটি/খাগড়াছড়ি/বান্দরবান, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় পুলিশ প্রশাসনকে পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় বুধবার সকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে সেখানকার চারটি বাঙালি সংগঠন। মঙ্গলবার রাঙামাটি ও খাগড়াছড়িতে হরতালের সমর্থনে সংগঠনগুলোর নেতা-কর্মীরা পথসভা করেন। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে সোমবার এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ আইনের ৬২ ধারার (১) উপধারায় বলা হয়েছে, পুলিশের উপ-পরিদর্শক ও তার নিচের স্তরের সদস্যদের জেলা পরিষদ নিয়োগ, বদলি ও শাস্তি দিতে পারবে। পুলিশে নিয়োগের ক্ষেত্রে পার্বত্য জেলার স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। ইতোমধ্যে ইউএনডিপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও বান্দরবানে এই হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটিতে এ বিষয়ক একটি কর্মশালা আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। রাঙামাটিতে বিকালে চারটি সংগঠনের নেতারা বনরূপা ও বিএম শপিং কমপ্লেক্সের সামনে পথসভা করেন। এ সময় বক্তব্য রাখেন পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন চৌধুরী আহম্মেদ আলমগীর, সমঅধিকার আন্দোলনের নেতা জাহাঙ্গীর কামালসহ চারটি সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের বিষয়ে ৩০ অগাস্ট রাঙামাটিতে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ বন্ধের দাবিতেই হরতাল ডাকা হয়েছে। তারা পার্বত্য শান্তিচুক্তি বাতিলেরও দাবি জানান। খাগড়াছড়িতে হরতালের সমর্থনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল ১১টায় আদালত সড়ক থেকে মিছিলটি বের হয়ে চেঙ্গী স্কয়ারে দিকে যেতে চাইলে শান্তিনগর মোড়ে পুলিশের বাধা পেয়ে সেটি শাপলা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র পরিষদের সভাপতি আব্দুল মজিদ, জেলা কমিটির নেতা শাহাজল ইসলাম সজল, মাসুম রানা প্রমুখ। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন বান্দরবান জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মাস্টার হরতাল পালনের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৯১৫ ঘ.