ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষ বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতার সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আজাদ বলেন, “বঙ্গবন্ধু উন্নয়নের যে বীজ বপন করেছিলেন, তার সুফল আজ বাংলাদেশের মানুষ ভোগ করছেন।”
এক্ষেত্রে বঙ্গবন্ধু কর্তৃক শিক্ষাক্ষেত্রে ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে শিক্ষাবৃত্তির প্রদানের পদক্ষেপ গ্রহণকে বিশেষ ভাবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের বিচার হওয়ায় এ জাতি কলঙ্ক মুক্ত হলেও দায়মুক্ত হয়নি। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে কিছুটা সমালোচনা করা গেলেও তিনি ব্যক্তি স্বার্থে কখনো পরিচালিত হননি।”
“বঙ্গবন্ধু যা কিছুই করেছেন বাঙালি জাতির কল্যাণ ও মঙ্গলের জন্যই করেছেন। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ছিলেন অসাধরণ কোমল অন্তঃকরণ মনের মানুষ। বঙ্গবন্ধুরই একক নেতৃত্বে বাংলাদেশ অর্জিত হয়েছে। এই সত্যকে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না,” বলেন তিনি।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মাহামুদ হাসান, বিএমএ মহাসচিব ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. এম ইকবাল আর্সালান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচএ/২১০০ ঘ.
bdnews24