২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাযুক্তরাষ্ট্রে পাঠানো নমুনায় খুনিদের ডিএনএ মিলেছে

যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনা থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের সময় উপস্থিত কয়েকজনের ডিএনএ পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনা থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের সময় উপস্থিত কয়েকজনের ডিএনএ পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে। এ ডিএনএ -এর সঙ্গে সন্দেহভাজনদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখে হত্যাকারীদের সনাক্ত করা যাবে বলে র‌্যাব আশা করছে। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো নমুনাগুলোতে সাগর ও রুনি ছাড়াও একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে বলে ই-মেইলে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।” তিনি জানান, যুক্তরাষ্ট্রের দু’টি বেসরকারি পরীক্ষাগারে এখন পর্যন্ত রুনির নমুনাগুলো থেকে ডিএনএ উদঘাটনের পরীক্ষা শেষ হয়েছে। সাগরের নমুনাগুলোর পরীক্ষা চলছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরও এক মাস সময় লাগবে। আলামতগুলো থেকে হত্যার সময় একাধিক ব্যাক্তির অবস্থান নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট নমুনাগুলো বারবার পরীক্ষা করা হচ্ছে বলে তিনি জানান। সাগর ও রুনি ছাড়া আরও কতজনের ডিএনএ নমুনা পাওয়া গেছে তা তিনি জানাননি। সোহায়েল বলেন, “সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করে তাদের আটক করে বা ডেকে এনে তাদের ডিএনএ -এর সঙ্গে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাওয়া ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে।” তবে শুধু ডিএনএ মিলিয়ে নয়, এই হত্যা মামলার রহস্য উদঘাটনে র‌্যাব আরও কিছু বিষয় নিয়ে কাজ করছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। “শুধু ডিএনএ প্রতিবেদন পেলেই বলা যাবে না তদন্ত শেষ হয়েছে। এটি মূলত মামলার তদন্তে সহায়ক হিসাবে কাজ করবে। তবে হত্যাকারীদের ব্যাপারে একটি নিশ্চিত ধারণা পাওয়া যাবে।” তিনি জানান, আলামতগুলো র‌্যাব ১৮টি ছোট ছোট বাক্সে সংরক্ষণ করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ওই দু’টি পরীক্ষাগার থেকে কোনো কিছু চাওয়া হলে তা পাঠিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে দু’বার আলামত পাঠানো হয়েছে। এটিএন বাংলার মেহেরুন রুনি এবং তার স্বামী মাছরাঙা টেলিভিশনের সাগর সরওয়ার ১১ ফেব্রুয়ারি নিজেদের শয়নকক্ষে খুন হন। মামলাটির তদন্তে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত এপ্রিল মাসে তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছ থেকে র‌্যাবের হাতে দিতে নির্দেশ দেয়। আলোচিত এ হত্যাকা-ের পর এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/২২৪৩ ঘ.