ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক বিষয়ে উদ্বেগ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত হয়েছেন বলে জানালেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে দেড় ঘণ্টা বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন, গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা এর সদস্যদের থাকবে বলে আশ্বাস পেয়েছেন তিনি।
গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তনে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পর তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়ে আসছে।
গত বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সরকার অব্যাহতি দেওয়ার পর যুক্তরাষ্ট্র তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের নতুন পদক্ষেপে উদ্বেগ নিয়েই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ড্যান মজিনা। তিনি বলেন, “গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। সে কারণেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি।”
মজিনা বলেন, “আমরা একমত হয়েছি যে, গ্রামীণ ব্যাংকে একজন শক্তিশালী এমডি নিয়োগ দেওয়া হবে। সে ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক খুব গুরুত্বপূর্ণ বলেও আমরা একমত হয়েছি।”
“আমরা আরো একমত হয়েছি, প্রতিষ্ঠানটিতে এমন একটি স্বতন্ত্র পর্ষদ থাকা দরকার, যাতে ঋণগ্রহীতাদেরই এমডি নিয়োগের ক্ষমতা থাকে। গ্রামীণ ব্যাংকে স্বতন্ত্র একটি কাঠামো থাকা দরকার,” বলেন তিনি।
মজিনা জানান, গ্রামীণ ব্যাংক একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে থাকবে- এ বিষয়ে অর্থমন্ত্রীও একমত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের দূত জানান, মুহিতের সঙ্গে গ্রামীণ ব্যাংক ছাড়াও বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যত, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা (টিকফা) চুক্তি নিয়েও কথা হয়েছে।
মজিনা আশা প্রকাশ করেন, পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার সমাধান পাওয়া যাবে।
বাংলাদেশকে এশিয়ার আগামী দিনের ‘বাঘ’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান মজবুত করার পরামর্শ দেন তিনি।
মজিনা বলেন, “আমরা চাই, তৈরি পোশাকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত মৎস্য ইত্যাদি রপ্তানিতে বাংলাদেশ দিন দিন আরো ভালো করুক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০২৬ ঘ.
bdnews24