২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ‘নকল’ সরিষার তেলসহ একজন আটক

বরিশালে বিপুল পরিমাণ নকল ব্র্যান্ডের সরিষার তেলসহ একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

বরিশাল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বিপুল পরিমাণ নকল ব্র্যান্ডের সরিষার তেলসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর আব্দুর রব সেরনিয়াবাত সেতু টোলঘরের সামনে একটি পিক-আপ থেকে আল আমিন (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আল আমিন বরগুনা জেলার আমতলী উপজেলার সারিকা গ্রামের জয়নাল সরদারের ছেলে। মাদারীপুর বিসিক শিল্প নগরীতে আল আমিনের বোনের স্বামী হাবিবুর রহমানের মালিকানাধীন জেবা অয়েল মিলে ওই নকল ব্র্যান্ডের তেল উৎপাদন করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নকল তেলের চালান আসার খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে সেতু টোলঘরে অবস্থান নেয়। রাত ১০টার দিকে পিক-আপটি সেখানে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। “আল আমিন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পিক-আপ তল্লাশি করে ‘কাপ ও মুকুট মার্কা’ লেবেল লাগানো ১৬ কেজি ওজনের ৯৫ টিন ও ৮ কেজির ৩০ টিন তেল জব্দ করা হয়েছে।” এসআই শাখাওয়াত বলেন, কাপ ও মুকুট মার্কা সরিষার তেলের কারখানা বগুড়ায়। ওই কোম্পানির মার্কা নকল করার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৩৩৫ ঘ.