ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুননেছার আত্মত্যাগ ও মানুষের জন্য তার কর্তব্যবোধ থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মায়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “আমার মায়ের আত্মত্যাগ ও মানুষের জন্য কর্তব্যবোধ থেকে অনেককিছু শেখার আছে। তিনি সব সময় সাদা-সিধে জীবনযাপন করেছেন।”
ফজিলাতুননেছার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার দুপুরে জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমার বাবা মন্ত্রিত্ব ছেড়ে পার্টির সাধারণ সম্পাদকের পদ বেছে নিয়েছিলেন। আমার মা তা মাথা পেতে নিয়েছিলেন। আমি যতটুকু রাজনীতি শিখেছি- তা আমার বাবার সংগ্রামী জীবন এবং আমার মা’র ত্যাগ তিতিক্ষা থেকেই শিখেছি।
“আমার মা আমাদের সব সময় নিচের দিকে তাকাতে বলতেন। বলতেন, তোমার চেয়ে যে খারাপ আছে- তাকে দেখো। তা হলে দেখবে অনেক ভালো আছো।”
মায়ের একান্ত আকাঙ্খার কথা বলতে গিয়ে শেখ হাসিনা জানান, বাংলাদেশ স্বাধীন হবে- এটাই ছিলো তার মায়ের আকাঙ্খা। ফজিলাতুননেছা জীবনে কখনো পাকিস্তান যাননি।
মায়ের কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, “তিনি আমার কাছে মা হিসাবেই পরিচিত। তার পাশে থেকে দেখেছি, তিনি কতোটা রাজনীতি সচেতন ছিলেন। তার কোনো ব্যক্তিগত আকাঙ্খা ছিলো না।”
দেশ স্বাধীন হওয়ার পর নিপীড়িত নারীদের জন্য বেগম ফজিলাতুন নেসার বিভিন্ন কাজের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমার মা সাধারণত বাইরে যেতেন না। তবে, ওই মেয়েদের দেখতে হাসপাতালে যেতেন, আশ্রয় কেন্ত্রে যেতেন। তাদের বিয়ের ব্যবস্থা করতেন। আমার অনেক গহণা তাদের বিয়েতে দিয়ে দিয়েছেন।
“সব সময়ই তিনি আমার বাবার পাশে ছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করতেন। আন্দোলনে তার পাশে ছিলেন আমার মা। নেপথ্যে থেকে তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামকে সফলতার দিকে নিয়ে গেছেন।”
আগরতলা ষড়যন্ত্র মামলায় তৎকালীন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা পরামর্শ দিলেও বেগম ফজিলাতুননেছার চাপের জন্যই বঙ্গবন্ধু প্যারোলে মুক্ত হয়ে পশ্চিম পাকিস্তানে আলোচনার জন্য যান নি।
ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি ইউনিভার্সিটিতে ছিলাম। মা আমাকে ডেকে পাঠালেন। বললেন, আব্বাকে গিয়ে বলতে হবে- তিনি যেনো কোনোভাবেই প্যারোলে না যান।”
শেখ হাসিনা বলেন, “আমি ক্যান্টনমেন্টে গেলাম। আব্বাকে একটি অফিসার্স মেসে রাখা হয়েছিলো। সেখানে গিয়ে দেখি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা রয়েছেন। তারা আব্বাকে প্যারোলে মুক্ত হয়ে আলোচনায় যাওয়ার জন্য বোঝাচ্ছেন।
আমি আব্বাকে মা’র ম্যাসেজটা দিলাম। আমাকে দেখেই আমাদের নেতারা চলে গেলেন। তারা এখনকার জাহাঙ্গীর গেট দিয়ে বের হলেন। আর, আমি বনানীর দিক দিয়ে বের হলাম।
“বাসায় ফিরে দেখি তারা আমার আগেই বাসায় এসে বসে আছেন। তাদের একজন আমাকে বললেন, কেমন মেয়ে তুমি ? তুমি চাও না- তোমার বাবা ফিরে আসুক ?”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর স্বাগত বক্তব্যের পর বেগম ফজিলাতুননেছার ওপর মাহফুজা আক্তারের পরিচালনায় জাতীয় মহিলা সংস্থা নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মায়ের ওপর নির্মিত এই প্রামাণ্যচিত্রটি দেখতে গিয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক পর্যায়ে প্রামাণ্যচিত্রে শেখ রেহানার বক্তব্যের সময় চোখের পানি মোছেন শেখ হাসিনা। শেখ রেহানা তার বক্তব্যে নিজের বাবা-মায়ের মৃত্যুর সময় কাছে থাকতে না পারায় নিজেদের অসমাপ্ত জীবনের কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কথা সহিত্যিক সৈয়দ শামসুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম।
এরআগে, সকালে বেগম ফজিলাতুননেছার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন।
রাজধানীর বনানী গোরস্থানে বেগম ফজিলাতুননেছার সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও তার আত্মার মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালীদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুনন্নাহার লাইলি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগ বেগম মুজিবের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯২১ ঘ.
bdnews24