২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক বিএসএফ জওয়ানকে ফেরত দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার রাতে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার রাতে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রোববার বিকালে পতাকা বৈঠকের পর পশ্চিমবঙ্গের মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের চুরি অনন্তপুর ক্যাম্পের জওয়ান বিজয় সিংকে (৩০) ফেরত দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মন্জুরুল আলম সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের ১৭৮ নম্বর মেইন পিলারের কাছে শূন্য রেখায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে তিনি নিজে (লে. কর্নেল মন্জুরুল) এবং বিএসএফ’র পক্ষে ১২৫ মালদহ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এ এস দেবাস নেতৃত্ব দেন। প্রায় একঘণ্টার বৈঠক শেষে বিজয় সিংকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। শনিবার রাত ১১টার দিকে সীমান্তের ১৭৮ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করলে কিরণগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করে। বিজয় সিংয়ের সঙ্গে একটি রাইফেল ও ১৮টি গুলি ছিল। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০০ ঘ.