রংপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত ঘোষণা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার দুইঘণ্টা পর এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা।
এর জেরে শুক্রবার বিকালে এলাকাবাসী ও শিশুটির স্বজনরা হাসপাতাল ঘেরাও ও বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিশুটির বাবা তপন সাংবাদিকদের বলেন, শহরের সাতগাড়া সবুজপাড়া মহল্লার বাসায় তার ১০ বছরের মেয়ে লিজা শুক্রবার দুপুর ২টার দিকে অসুস্থ হয়ে পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর শিশু ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “এরপর তারা লিজাকে বাসায় নিয়ে গেলে সে নড়াচড়া শুরু করে। জীবিত আছে বুঝতে তখনই তাকে আবারো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
“সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার লিজার মৃত্যু হয়,” বলেন তপন।
তপনের দাবি, “তার মেয়ে জীবিত থাকলেও প্রথমে তাকে মৃত বলেছিলেন ডাক্তাররা। ওই সময় চিকিৎসা পেলে তার মৃত্যু হতো না।”
হাসপাতাল ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শহরের ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে পুলিশ মোতায়ে করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৩ ঘ.
bdnews24