২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলারডুবি, আহত ২০

নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়া ঘাট এলাকায় (বন্দর ঘাট) শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার ডুবে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

নারায়ণগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়া ঘাট এলাকায় (বন্দর ঘাট) শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার ডুবে অন্তত ২০ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার সকাল সাড়ে ৭টায় ওই দুর্ঘটনার পর ঘাটের টোল আদায়ের ঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ট্রলারডুবির ঘটনায় কেউ নিখোঁজ আছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারে কোনো লাশ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “কেউ নিখোঁজ থাকার বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।” প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দর পূর্ব পাড় ঘাট থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে সেন্ট্রাল খেয়াঘাটে আসার সময় ট্রলারটি তলা ফেটে নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে সাঁতরে তীরে ওঠেন এবং বাকিদের অন্য নৌযানের মাধ্যমে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহত হয় ইকবাল, সোহেল, আরিফ, সানজিদাসহ ২০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি জানান। এদিকে অতিরিক্ত যাত্রী তোলার কারণেই দুর্ঘটনা ঘটেছে- এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় টোল আদায়ের ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বিক্ষুব্ধ জনতা নৌ-পুলিশ ফাঁড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা ও টোলঘরে হামলার ঘটনায় সকাল পৌনে ৯টা পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকে। ওসি বলেন, “ট্রলারডুবির ঘটনায় প্রাথমিকভাবে কেউ নিখোঁজ হওয়ার কোনো খবর আমরা পাইনি। তারপরও নদীতে তল্লাশী চালানো হচ্ছে।” যাত্রীদের অভিযোগ, পারাপারের জন্য চারটি ট্রলার চলাচলের নিয়ম থাকলেও দুই ঘাটের মধ্যে চালানো হচ্ছে দুটি ট্রলার। এতে প্রতিবারই ট্রলারে অতিরিক্ত যাত্রী উঠছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৫২৯ ঘ.