খুলনা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে শনিবার খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা।
তারা কলেজের অধ্যক্ষকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে অধ্যক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয়।
তবে এই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, সোমবার বেলা ১১টায় কলেজের সামনে মানববন্ধন এবং মঙ্গলবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বলেন, সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কলেজের সকল একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
এক পর্যায়ে তারা কলেজের আসবাপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
বেলা ১টায় কলেজের অধ্যক্ষ আবুল বাশার মোল্লা মাস্টার্স চালুর ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
আন্দোলনরত শিক্ষার্থী জিতেন্দ্র চৌধুরী, সোহেল রানা, সুলতান মাহমুদ, ওয়ালিদ হাসান শাকিল বলেন, খুলনা বিভাগের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে মাস্টার্স নেই। এ দুই বিষয়ে মাস্টার্স পড়তে হলে তাদের খুলনার বাইরে যেতে হয়।
তারা জানান, মাস্টার্স কোর্স চালুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের খামখেয়ালীর কারণে তা হচ্ছে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানান, অনার্সে ফিন্যান্সে ৫৩ জন এবং মার্কেটিংয়ে ১৮ জন প্রথম শ্রেণী পেয়েছে। মাস্টার্স চালু না হলে এই শিক্ষার্থীদের অনেকেরই ভবিষ্যত নষ্ট হয়ে যেতে পারে।
তাই দ্রুত এই কলেজে বিষয়গুলোতে মাস্টার্স চালু করার ব্যাপারে প্রশাসন, সুশীল সমাজ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন তারা।
এ ব্যাপারে আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার মোল্লা বলেন, “মাস্টার্স কোর্স চালুর জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কেন এখনো চালু হচ্ছে না তা আমারো বোধগম্য হচ্ছে না।”
তিনি বলেন, ফিন্যান্স ও মার্কেটিংয়ের শিক্ষার্থীরা অনার্সে খুব ভালো ফল করেছে। এত মেধাবীদের শিক্ষাজীবন এভাবে ঝরে যাবে এটি কোনোভাবেই কাম্য নয়।
শিক্ষার্থীরা কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে, বলেন অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.
bdnews24