সুনামগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসজিদের মুয়াজ্জিন নিয়োগকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ে একটি গ্রামে সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে এই সংঘাত হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আনিস মিয়া (৩৫)। আহতদের নাম জানা যায়নি। তবে হতাহতরা সবাই রায়বাঙ্গালী গ্রামের বাসিন্দা।
দিরাই থানা উপ-পরিদর্শক জিয়া উদ্দিন সাংবাদিকদের বলেন, দুপুর ১টার দিকে গ্রামের দুটি পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আনিস মিয়া ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, গ্রামের মসজিদে মুয়াজ্জিন নিয়োগ নিয়ে রায়বাঙ্গালীর জাহির ও আব্দুল মালিক বিরোধে জড়ায়। তার জের ধরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ কর্মকর্তা জিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ওই গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০২ ঘ.
bdnews24