২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নটরডেম ছাত্র নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনের নিচে চাপা পড়ে ঢাকার নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

মৌলভীবাজার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনের নিচে চাপা পড়ে ঢাকার নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছে। নিহত এডিসন ডিখার (১৬) নটরডেম কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নুনছড়া খাসিয়াপুঞ্জির জামিলি মারলিয়ার ছেলে। কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৯টার দিকে কুলাউড়ার আউটার সিগনালের কাছে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়েন এডিসন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, এডিসন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন। ওই সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়েন তিনি। এই বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে এসআই জাকির জানান। মঙ্গলবার মৌলভীবাজার সদর হাসপাতালে এডিসনের লাশের ময়না তদন্ত হয়। এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-সিলেট রেলপথের পাশ থেকে মঙ্গলবার বিকালে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। নিহত খালেদ মো. সাইফুল্লাহ (৩৫) ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার ওসি ওয়াসিম আল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলস্টেশন মাস্টারের কাছে খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, “সাইফুল্লাহর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। মাথা রেল লাইনের ওপর পড়েছিল। আর দেহ রেল লাইনের পাশে পাওয়া যায়। তার শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।” ঘটনাটি হত্যা, আত্মহত্যা, নাকি দুর্ঘটনা- তা বের করতে তদন্ত চলছে বলে জানান ওয়াসিম বারী। ধারণা করা হচ্ছে, সকাল ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মুত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৩ ঘ.