ভোলা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে সোমাবার বিভিন্ন দেশি অস্ত্রসহ ১১ ‘জলদস্যু’কে আটক করেছে পুলিশ।
এরা হলেন- কালু, মিরাজ, সিরাজ, জসিম, নুরুন্নবী, নোমান, মহসিন, ইমরাম, শহিজল, মোজাম্মেল ও বেলাল। এরা নোয়াখালীর হাতিয়ার স্বপন বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
তজুমদ্দিন থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে স্বপন বাহিনীর এই সদস্যরা মেঘনার পাইলট এলাকায় জেলেদের নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় টহলরত পুলিশ দেখে তারা নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের ধরা হয়।
এসময় তাদের ট্রলার থেকে পাঁচটি বগি দা, একটি রাম দা, একটি কাঁচি, একটি ছেনি, একটি ছুরি ও একটি রড উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৬ ঘ.
bdnews24