সাভার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আড়াই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ জন আহত হয়।
সাভার শিল্পাঞ্চলের ধনাইদ ও জামগড়ায় পৃথক দুটি স্থানে সংঘর্ষের সময় শ্রমিকেরা কয়েকটি কারখানায় ভাংচুর চালায়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় সড়কের উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
জামগড়া এলাকায় ফ্যাশন নিট কম্পোজিট কারখানার প্রায় ১৮শ’ শ্রমিক সকাল সাড়ে ৮টার দিকে প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান ও ব্যবস্থাপক (অর্থ) মেহেদী হাসানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে।
এ সময় ১১৫ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস কারখানা ফটকে কর্তৃপক্ষ টাঙিয়ে দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারখানার ভেতর ব্যাপক ভাংচুর চালায় শ্রমিকরা।
পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে অবরোধ সৃষ্টি করে। আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ইটের টুকরা নিক্ষেপ করে তারা।
এ সময় পাশের মদিনাপেল সোয়ের্টার লিমিটেড, হার্ভার্ড সোয়েটার লিমিটেড ও দি রোজ লিমিটেডের কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি তুলে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে যোগ দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।
কয়েকটি কারখানার শ্রমিক একযোগে সড়কে বিক্ষোভ শুরু করে উল্লেখ করে শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে এবং টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে।
তবে কত রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা জানাননি তিনি।
এ সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ায় এক নারী পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষে আহত শিল্প পুলিশের নারী কনস্টেবল মিনতি রানীসহ বেশ কয়েক জন শ্রমিককে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অপর দিকে জামগড়া দেড় কিলোমিটার দূরে ধনাইদ এলাকায় মাল্টি মডার্ন ফ্যাশন কারখানার এক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়ার প্রতিবাদে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শ্রমিকদের কারখানায় ঢুকতে নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা বিক্ষোভ শুরু করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন সাহা সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬২১ ঘ.
bdnews24