ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, “হুমায়ূন আহমেদের মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য অঙ্গন থেকে একজন দেশপ্রেমিক, মেধাবী, উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়লো। জাতি হারিয়েছে এক শ্রেষ্ঠ সন্তানকে।
“হুমায়ূন আহমেদ তার বিশাল কৃর্তির জন্য বাঙালি মানসে চিরভাস্বর হয়ে থাকবেন।’’
বি চৌধুরী সদ্যপ্রয়াত এই লেখকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া এই কথাশিল্পীর বয়স হয়েছিল ৬৪ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০৯ ঘ.
bdnews24