ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আন্তঃদ্বন্দ্বের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বললেন, দ্বন্দ্ব থাকলেও তাদের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নেই।
বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এইচটি ইমাম সাংবাদিকদের একথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ দ্বন্দ্ব প্রসঙ্গে ইমাম বলেন, “জনপ্রশাসন বলতে শুধু প্রশাসনকেই বুঝায় না, বরং সরকারের প্রজাতন্ত্রের সব কর্মকর্তা ও কর্মচারীকে বুঝায়। এখানে পুলিশের সঙ্গে কোন দ্বন্দ্ব থাকতে পারে না। এখানে ভেদাভেদ থাকতে পারে না।”
আন্তঃক্যাডার দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, “এটা জনপ্রশাসনের ভেতরে পদোন্নতি নিয়েও হতে পারে, ঈর্ষা থেকেও হতে পারে। এদের মধ্যে কোনো দ্বন্দ্বের অভিযোগ থাকতে পারে, তা মানবো না। তবে নিজেদের মধ্যে কোন কোন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে।”
সম্মেলনে ডিসিরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন বলেও জানান এইচটি ইমাম।
উপদেষ্টা বলেন, “তারা গাড়ির তেল সংকট, মাঠপর্যায়ে জনবল সংকট, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ই-ফাইল ব্যবস্থাপনার জন্য সার্ভার সংকটের কথা বলেছেন।”
এ ছাড়া দলগত বীমা বা স্বাস্থ্য বীমা করার প্রস্তাব করেছেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২২৫৫ ঘ.
bdnews24