২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৌঘাঁটি স্থাপনের অভিলাষ নেই যুক্তরাষ্ট্রের’

বঙ্গোপসাগরে নৌঘাঁটি স্থাপনের কোনো ধরনের অভিপ্রায় যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে নৌঘাঁটি স্থাপনের কোনো ধরনের অভিপ্রায় যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ড্যান মজিনা। ভারতীয় চ্যানেলে প্রচারিত এক সংবাদের বিষয়ে জানতে চাওয়া হলে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই বিষয়ে তার দেশের অবস্থান জানান। মজিনা বলেন, “এটা কি ঠাট্টা-তামাসার বিষয়? আপনি কীভাবে একটি যুদ্ধবিমান বহনকারী রণতরী চট্টগ্রামে নিয়ে আসতে পারেন?” গত ৩১ মে ভারতের টাইমস নাউ টেলিভিশনের সংবাদে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি স্থাপনের পরিকল্পনার খবর দেওয়া হয়। অবসরের পর পেশাজীবী প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে এই কূটনীতিক বলেন, এই প্রতিবেদনটিকে মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদনের উদাহরণ হিসেবে ব্যবহার করা হবে। “এটি একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে দেখানো হয়েছে তথ্য, অপতথ্য ও ভুল তথ্য ব্যবহার করে কীভাবে সংবাদ তৈরি করতে হয়।” ভারতীয় চ্যানেলে ওই সংবাদ প্রকাশের পর ২ জুন প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ সরকারও। তাতে বলা হয়, বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন। সরকার স্পষ্টভাবে বলে দিতে চায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পর্যায়ে এ ধরনের আলোচনা হয়নি। এমনকি স¤প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরেও এ বিষয়ে কোনো কথা হয়নি। অবশ্য টাইমস নাও প্রতিবেদনে দাবি করে, দক্ষিণ চীন সাগরে অনেক চীনা ঘাঁটি ছড়িয়ে রয়েছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এশিয়ায় চীনা নৌ বাহিনী প্রভাব বিস্তার করছে। এর মোকাবেলায় চট্টগ্রামে নৌঘাঁটি চায় যুক্তরাষ্ট্র। বর্তমানে জাপান, গুয়াম ও সিঙ্গাপুরে মার্কিন সপ্তম নৌবহরের ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিু প্যানেট্টা সম্প্রতি জানিয়েছেন, তার দেশ এশিয়া-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে নৌশক্তি বাড়াচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এমআই/১৭৫৫ ঘ.