চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে সারবাহী একটি বিদেশি জাহাজ ডুবে যাওয়া একটি জাহাজের সাথে আটকে গেছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের আলফা অ্যাংকরেজের কাছে শুক্রবার দুপুরের পর পানামার পতাকাবাহী এমভি ট্রোনাডা নামের সারবাহী একটি জাহাজের নোঙর ডুবে থাকা একটি জাহাজের পাখার সাথে আটকে যায়।
৩২ হাজার টন সার নিয়ে বন্দরের বহিঃনোঙরে ছিল এমভি ট্রোনাডা। দুপুরের আগে জাহাজটি ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে।
এক পর্যায়ে জাহাজটির নোঙরের শিকল ডুবে থাকা জাহাজটির পাখার সঙ্গে আটকে যায়।
ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ফলে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না। বন্দরের উদ্ধারকারী কয়েকটি জাহাজ ঘটনাস্থলে আছে। রাতে জোয়ারের সময় জাহাজটিকে উদ্ধার করা যাবে।
এমভি ট্রোনাডা নামক জাহাজটির স্থানীয় এজেন্ট এঞ্জেলিক শিপিং। তাদের প্রতিনিধি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হন নি।
এমভি ট্রোনাডা সার নিয়ে গত ৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/২০১০ ঘ.
bdnews24